১৫০

রংপুরে যৌতুকের দাবিতে রুবাইয়াত জাহান (২১) নামে এক গৃহবধূকে নির্যাতনের পর ছুরিকাঘাত করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তাঁর শ্বশুরের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শ্বশুর লিয়াকত আলী খানকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে ভুক্তভোগী গৃহবধূ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, গত বছরের জুন মাসে খান মোহাম্মদ লাব্বাইকের সঙ্গে রুবাইয়াতের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শাশুড়ি ও ননদ গায়ের রং নিয়ে কটূক্তিসহ যৌতুকের জন্য তাঁকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। পরে ঢাকায় অবস্থানকালে স্বামীর পরকীয়া ও জোরপূর্বক গর্ভপাতের মতো নির্যাতনের শিকার হন তিনি। একপর্যায়ে স্বামী ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন।

এ বছরের ২৬ জানুয়ারি রুবাইয়াত বাদী হয়ে স্বামী, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা হওয়ার পর থেকে তারা পলাতক থাকলেও শ্বশুর লিয়াকত আলী বাড়িতেই ছিলেন। গত ১৪ এপ্রিল রুবাইয়াত শ্বশুরবাড়িতে গেলে তিনি তার ওপর চড়াও হন এবং এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে তার ডান হাতের কনুইয়ের ওপর গুরুতর জখম হয়।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আজাদ রহমান জানান, নতুন মামলায় প্রধান আসামি লিয়াকত আলী খানকে ১৫ এপ্রিল গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন রুবাইয়াতের পরিবার ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।