২৮৪

শেষ মুহূর্তের নাটকীয়তায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা কিছুটা কমেছে। ইরানের ওপর পূর্বঘোষিত বড় ধরনের বোমাবর্ষণ ও সামরিক হামলা অন্তত দুই সপ্তাহের জন্য স্থগিত করতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কিছু সময় আগে এই ঘোষণা আসে।

তবে এই সাময়িক স্থগিতাদেশের সঙ্গে কঠোর একটি শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই সিদ্ধান্ত তখনই কার্যকর থাকবে যখন ইরান অবিলম্বে ‘সম্পূর্ণ ও নিরাপদভাবে’ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দেওয়া ১১ ঘণ্টার বিশেষ প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বিশেষ অনুরোধে ইরানের ওপর পূর্বনির্ধারিত ‘বিধ্বংসী হামলা’ দুই সপ্তাহের জন্য স্থগিত করতে তিনি সম্মত হয়েছেন।

ট্রাম্প আরও বলেন, দুই পক্ষের মধ্যে একটি ‘উভয়মুখী যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এই স্থগিতাদেশের প্রধান শর্ত হলো—ইরানকে অবিলম্বে ও সম্পূর্ণ নিরাপদভাবে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করতে হবে।

ট্রাম্পের এই ঘোষণার পেছনে পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের মধ্যস্থতা বড় ভূমিকা পালন করেছে বলে তিনি নিজেই উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, পাকিস্তান সরকারের অনুরোধ এবং ইরানের পক্ষ থেকে পাওয়া ১০ দফা প্রস্তাবের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আলোচনার একটি কার্যকর ভিত্তি হতে পারে বলে তিনি মনে করেন।