২৬১

রাজধানীর সায়েদাবাদ এলাকায় অবস্থিত সব অবৈধ বাস কাউন্টার ৩০ মিনিটের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে মাইকিং করে এ ঘোষণা দেন ডিএসসিসির কর্মকর্তারা।

এর আগে, সকাল ৯টায় সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় অনুমোদনহীন বাস কাউন্টারগুলোর বিরুদ্ধে অভিযান চালানোর কথা জানানো হয়। তবে নির্ধারিত সময়ের পরিবর্তে দুপুর ১২টার পর অভিযান শুরু হয়।

জানা গেছে, অভিযান শুরুর আগে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বাস মালিকদের দীর্ঘ সময় বৈঠক হয়। এ কারণে নির্ধারিত সময়ের তুলনায় প্রায় তিন ঘণ্টা দেরিতে অভিযান শুরু হয়।

দুপুর সোয়া ১২টার দিকে অভিযান শুরু হলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে মাইকিং করে সব অবৈধ কাউন্টার ৩০ মিনিটের মধ্যে সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

অভিযান চলাকালে যাত্রাবাড়ী ও ওয়ারী থানা পুলিশের সদস্য এবং ট্রাফিক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।