২৬২

নোয়াখালীর চাটখিল উপজেলায় নতুন স্থাপন করা একটি টিউবওয়েলে পানির সঙ্গে গ্যাস বের হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। টিউবওয়েলের মুখে দিয়াশলাই ধরতেই আগুন জ্বলে ওঠায় স্থানীয়দের মধ্যে কৌতূহলের পাশাপাশি আতঙ্কও ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামে। স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন প্রায় এক মাস আগে গৃহস্থালির ব্যবহারের জন্য তার বাড়ির পাশে ৬০ ফুট গভীর একটি টিউবওয়েল স্থাপন করেন। তবে স্থাপনের পর থেকেই টিউবওয়েলের পানিতে তীব্র গন্ধ পাওয়া যাচ্ছিল এবং পানি ওঠার সময় বুদবুদ শব্দ হচ্ছিল। এতে পরিবারটি পানি ব্যবহার করতে পারছিল না।

পরবর্তীতে বিষয়টি পরীক্ষা করতে গিয়ে তারা দিয়াশলাই জ্বালালে টিউবওয়েলের মুখে আগুন জ্বলে ওঠে। এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

বিশেষজ্ঞদের মতে, ভূগর্ভস্থ গ্যাসের উপস্থিতির কারণেই এমন ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করে ঝুঁকি নিরূপণ করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে আব্দুল মতিন বলেন, প্রথমে বিষয়টি বুঝতে পারেননি তারা। পরে গ্যাসের গন্ধ পেয়ে সন্দেহ হলে লাইটার দিয়ে পরীক্ষা করতেই আগুন জ্বলে ওঠে। এতে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন এবং দ্রুত প্রশাসনের সহায়তা কামনা করেছেন।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান জানান, বিষয়টি তার নজরে এসেছে। তবে পরীক্ষা ছাড়া কিছু নিশ্চিত বলা সম্ভব নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।