২৬৪

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রংপুরের একটি হত্যা মামলায় পলাতক আসামি হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও একটি মামলাসহ মোট দুটি সুনির্দিষ্ট মামলা রয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে।

শিরীন শারমিন চৌধুরী আওয়ামী লীগ সরকারের সময় ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। এরপর তিনি টানা চারবার এই দায়িত্ব পালন করেন। তিনি রংপুর-৬ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ ২০২৪ সালের ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেও একই বছরের ২ সেপ্টেম্বর তিনি পদত্যাগ করেন।

জানা গেছে, ২০২৪ সালের ২৭ আগস্ট রংপুরের আদালতে তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার অভিযোগে বলা হয়, সাবেক স্পিকার ও স্থানীয় সংসদ সদস্য হিসেবে তার নির্দেশে আওয়ামী লীগ নেতা-কর্মীরা এক স্বর্ণ ব্যবসায়ী মুসলিম উদ্দিনকে হত্যা করে। মুসলিম উদ্দিন ছিলেন মামলার বাদীর স্বামী।

মামলার আরজিতে আরও উল্লেখ করা হয়, ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিটি বাজার এলাকায় সংঘর্ষের ঘটনায় মুসলিম উদ্দিন নিহত হন। ওই সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ ঘটে।