৬৬

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মিন্টু শেখ ওরফে মিঠু শেখ (৪৫) নামে এক বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পর তার ডান হাত কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিঠু শেখ ওই এলাকার ওহেদ শেখের ছেলে এবং হোগলাপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে কলাক্ষেতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান। তিনি জানান, হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। প্রাথমিকভাবে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। বিএনপি নেতারা দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।