২০৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় টাকার জন্য আটক রাখার ঘটনার জেরে ডিবি পরিচয়ে ফেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার সময় এলোপাথাড়ি গুলিতে ৪ জন আহত হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কুতুবপুর পশ্চিম রসুলপুর ভাঙ্গারপুল এলাকায় সুমন মিয়ার ফেক্সিলোডের দোকানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে দোকান থেকে শামীম ওরফে জুয়েল নামের এক ব্যক্তি ২ হাজার টাকার ফেক্সিলোড নিয়ে টাকা পরিশোধ করতে পারেননি। এ ঘটনায় তাকে আটক রেখে টাকা আদায়ের পর ছেড়ে দেওয়া হয়। এর প্রতিশোধ নিতে রোববার রাতে ৪–৫ জন যুবক দুটি মোটরসাইকেলে এসে দোকানে হাজির হয়।

তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সুমনকে মোটরসাইকেলে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় এক ব্যক্তি তাদের পরিচয়পত্র দেখতে চাইলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তারা পিস্তল বের করে এলোপাথাড়ি গুলি ছোড়ে। এতে একজন গুলিবিদ্ধ হন এবং আরও তিনজনের শরীরের পাশ ঘেঁষে গুলি যাওয়ায় তারা আহত হন।

স্থানীয়রা ধাওয়া দিলে অন্যরা পালিয়ে গেলেও শামীম ওরফে জুয়েলকে মোটরসাইকেলসহ আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করে।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আমির হোসেনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ফতুল্লা থানার ওসি মাহবুব আলম জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং আটক ব্যক্তির কাছ থেকে জড়িতদের পরিচয় জানার চেষ্টা চলছে।