৯৬

এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। এবার প্রতি কেজিতে ১৭ টাকা ৬২ পয়সা বৃদ্ধি পেয়েছে। এর আগে এপ্রিলের শুরুতেই কেজিপ্রতি ৩২ টাকা ৩০ পয়সা বাড়ানো হয়েছিল।

নতুন দামে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৭২৮ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৪০ টাকা, অর্থাৎ এক লাফে ২১২ টাকা বৃদ্ধি পেয়েছে।

রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এই দাম ঘোষণা করে, যা সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হয়েছে। গত মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩৪১ টাকা। এপ্রিলের শুরুতে তা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা করা হয়। আন্তর্জাতিক বাজারে জাহাজভাড়া বৃদ্ধিকে এ দফা মূল্য সমন্বয়ের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, এখন থেকে প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১৬১ টাকা ৬৬ পয়সা। এই হিসাবে বাজারে বিভিন্ন আকারের সিলিন্ডারের দাম নির্ধারিত হবে। তবে অভিযোগ রয়েছে, অনেক ক্ষেত্রে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করা হচ্ছে।

অন্যদিকে, সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে ৮২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অটোগ্যাসের দাম প্রতি লিটার ৮৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৭৯ টাকা ৭৭ পয়সা।

২০২১ সালের এপ্রিল থেকে বিইআরসি মাসভিত্তিক এলপিজির দাম নির্ধারণ করে আসছে। আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের সৌদি কার্গো মূল্য (সিপি) এবং ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে এই দাম সমন্বয় করা হয়।