২৫২

নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আরও একজন পলাতক আসামির নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মান্দা থানার এসআই (নিরস্ত্র) জাকিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় শনিবার (২ মে ২০২৬) রাত ৯টা ২৫ মিনিটে উপজেলার ১নং ভারশো ইউনিয়নের কবুলপুরগামী পাকা সড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন অবস্থায় দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন শ্রী জিতেন্দ্রনাথ ঋষি ওরফে জিতেন (৫০) এবং শ্রী নিরঞ্জন ঋষি (২২)। তারা উভয়েই উপজেলার শ্রীরামপুর (ঋষিপাড়া) এলাকার বাসিন্দা।

তাদের কাছ থেকে একটি কালো রঙের হাতব্যাগের ভেতরে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা। এছাড়া তাদের হেফাজত থেকে একটি বাটন মোবাইল ফোন, একটি স্মার্টফোন, একটি ইয়ামাহা FZS ভার্সন-৩ মোটরসাইকেল এবং একটি কালো হাতব্যাগ জব্দ করা হয়েছে।

এ ঘটনায় পলাতক আসামি গৌড় চন্দ্র (৫১)সহ মোট তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে মান্দা থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও জানান, আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।