১৬৪

রাজধানীর বাড্ডায় বিদ্যুতের তার কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জহিরুল ইসলাম (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জহিরুল ইসলাম কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার নাগেরগাঁও গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি উত্তর বাড্ডার বাগানবাড়ি এলাকার হারুন মাস্টারের বাড়িতে ভাড়া থাকতেন।

এসআই মেজবাহ উদ্দিন জানান, জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ ফোন পেয়ে গতকাল ভোর সোয়া পাঁচটার দিকে মধ্য বাড্ডার বৈশাখী সরণির একটি বিদ্যুতের খুঁটির নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বিদ্যুতের খুঁটি থেকে তার কাটার সময় জহিরুল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।