১০৮

দীর্ঘদিন পর আবারও একসঙ্গে গান গাইলেন দেশের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও ইমরান মাহমুদুল। নতুন চলচ্চিত্র ‘শিকার’-এর জন্য তারা কণ্ঠ দিয়েছেন ‘দুজন মিলে বাঁচব এক জীবন’ শিরোনামের একটি গানে।

জনপ্রিয় গীতিকবি কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল। গত রোববার সন্ধ্যায় গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। নির্মাতাদের ভাষ্য, মেলোডি ঘরানার এ গানটির মাধ্যমে দীর্ঘদিন পর আবারও শ্রোতারা ন্যান্সি-ইমরান জুটির চেনা রসায়ন উপভোগ করতে পারবেন।

গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ন্যান্সি বলেন, ‘ইমরানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই দারুণ। গানটির কথা ও সুর এত চমৎকার যে শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। অনেক দিন পর মনের মতো একটি চলচ্চিত্রের গান গাইলাম।’

ইমরান মাহমুদুল বলেন, ‘ন্যান্সি আপা আমাদের সংগীতের এক অনন্য কণ্ঠ। তার সঙ্গে ডুয়েট গান করা মানেই বিশেষ কিছু। এই গানটির জন্য আমরা দুজনেই অনেকদিন অপেক্ষা করছিলাম। আশা করি, শ্রোতারা নিরাশ হবেন না।’

এদিকে, দীর্ঘদিন আলোচনার পর অবশেষে শুটিংয়ে যাচ্ছে পরিচালক কামরুজ্জামান রোমানের নতুন সিনেমা ‘শিকার’। বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকার একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হতে যাওয়া এ সিনেমায় জুটি বেঁধেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও অভিনেতা মুরতজা পলাশ।

পরিচালক কামরুজ্জামান রোমান জানান, ‘গল্পই হচ্ছে সিনেমার মূল শক্তি। আর গল্পের প্রয়োজনেই অপু বিশ্বাস ও মুরতজা পলাশকে জুটি করা হয়েছে। অপু বিশ্বাসকে দর্শক সাধারণত প্রেমের গল্পে দেখলেও এই সিনেমায় সেই ধারা থাকবে না। এটি হবে পুরোপুরি থ্রিলারধর্মী একটি সিনেমা।’

তিনি আরও জানান, চলতি সপ্তাহেই সিনেমাটির শুটিংয়ের জন্য নেপালে যাচ্ছেন তারা। নেপালের বিভিন্ন মনোরম লোকেশনে একটানা শুটিংয়ের মাধ্যমে সিনেমাটির দৃশ্যধারণ শেষ করা হবে।

আব্দুল্লাহ জহির বাবুর গল্পে নির্মিতব্য ‘শিকার’-এর চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন জনপ্রিয় ডিওপি সাইফুল শাহিন। রেজা ফিল্মস প্রডাকশনের ব্যানারে নির্মিত এ সিনেমায় অপু বিশ্বাস ও মুরতজা পলাশ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বড়দা মিঠু, রাশেদ মামুন অপুসহ আরও কয়েকজন অভিনয়শিল্পী।

এর আগে ন্যান্সি ও ইমরান একসঙ্গে বেশ কয়েকটি জনপ্রিয় গান উপহার দিয়েছেন। বড় পর্দার গানে তাদের এই পুনর্মিলন চলচ্চিত্র ও সংগীতপ্রেমীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে।