১০৩

ঢাকা, ২৯ জুন : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার ঘোষণা কেবলই ‘স্ট্যান্টবাজি’।

সোমবার (২৯ জুন) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, “আমরাও চাই শেখ হাসিনা দেশে আসুক এবং নিজের মামলা নিজেই লড়ুক। তার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা স্ট্যান্টবাজি। সাহস থাকলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করুন।”

তিনি আরও জানান, বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোট ২৪টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া সাবেক মন্ত্রী শাহজাহান খান, আমির হোসেন আমু এবং বিচারপতি মানিকসহ জুলাই হত্যাযজ্ঞ সংশ্লিষ্ট ১০টি মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে।

মো. আমিনুল ইসলাম বলেন, তদন্ত প্রতিবেদনগুলো যাচাই-বাছাই শেষে দ্রুতই সেগুলো ফরমাল চার্জ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

এ সময় তিনি বিচারিক কার্যক্রম দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন।