জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি সাইপ্রাসের প্রার্থী রাষ্ট্রদূত আন্দ্রেয়াস এস. কাকুরিস-কে পরাজিত করে বিজয় অর্জন করেন।

নিউইয়র্ক সময় সকাল ১০টায় জাতিসংঘের সাধারণ পরিষদ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত আঞ্চলিক রোটেশন পদ্ধতি অনুযায়ী, ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনের দায়িত্ব এশিয়া-প্যাসিফিক গ্রুপের জন্য নির্ধারিত ছিল। এ নির্বাচনে বাংলাদেশের পক্ষে ড. খলিলুর রহমান এবং সাইপ্রাসের পক্ষে রাষ্ট্রদূত আন্দ্রেয়াস কাকুরিস প্রতিদ্বন্দ্বিতা করেন।

এই বিজয়ের মধ্য দিয়ে ড. খলিলুর রহমান আগামী এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমান সভাপতি আনালেনা বেয়ারবক-এর স্থলাভিষিক্ত হবেন।

বাংলাদেশের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। প্রায় চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ এ পদে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হলেন।