১৪২

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।

রোববার (১৭ মে) দিবাগত রাতে উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের উত্তর শশীদল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রুহুল আমিন (৩৫) উত্তর শশীদল এলাকার মৃত আব্দুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার এসআই সৈকত মজুমদার সঙ্গীয় ফোর্সসহ উত্তর শশীদল এলাকার মন্তাজ সর্দার বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় রুহুল আমিনের বসতঘর থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।