২০৮

শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কর্তব্যরত চিকিৎসক, আনসার সদস্যসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (১৫ মে) রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, সদর উপজেলার উত্তর বিলাসখান এলাকার লাল মিয়া কাজী (৫০) বুকে ব্যথা নিয়ে রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

এরপর রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে জরুরি বিভাগে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে। হামলায় জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. নাসির ইসলাম, আনসার সদস্য সোহেল সরদার, কামরুল, আজিজুল হক ও কাউসার আহত হন।

হামলার সময় হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আল আমিন নামে একজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

গুরুতর আহত চিকিৎসক ডা. নাসির ইসলামের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে।

শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিতু আক্তার বলেন, রোগীর মৃত্যুর পর হঠাৎ করে স্বজনরা হামলা চালায়। এতে চিকিৎসকসহ কয়েকজন আহত হয়েছেন।

পুলিশ সুপার রওনক জাহান জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, হাসপাতালে হামলা ও চিকিৎসকদের ওপর আক্রমণের ঘটনা অত্যন্ত দুঃখজনক। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।