৪৭

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা-য় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে লিজা আক্তার (১৩) নামে এক মাদরাসা ছাত্রী গুরুতর আহত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেল চারটার দিকে উপজেলার চরমুকুন্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত লিজা আক্তার পূর্ব কলাদী এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী মোজাম্মেল বকাউলের মেয়ে। তিনি চরমুকুন্দি এলাকার একটি ফাজিল মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, ক্লাস শেষে সহপাঠীদের সঙ্গে বাড়ি ফিরছিল লিজা। এ সময় মহিলা কলেজ এলাকার একটি নির্মাণাধীন তিনতলা ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ ওপর থেকে একাধিক ইট তার মাথায় পড়ে। এতে সে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারায়।

পরে সহপাঠী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাজীব কিশোর বণিক জানান, আহত ছাত্রীর মাথা ও কপালে তিনটি সেলাই দেওয়া হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং উন্নত পরীক্ষা হিসেবে সিটিস্ক্যান করার পরামর্শ দেওয়া হয়েছে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত তার অবস্থা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে এবং নির্মাণাধীন ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।