৪০

৫১ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে অপহৃত শিশু মাহমুদুর রহমান রাফি (১২)কে ফিরে পেয়েছে তার পরিবার। তবে এ ঘটনায় দীঘিনালা থানা-য় সাধারণ ডায়েরি (জিডি) নিতে অস্বীকৃতির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

পরিবারের অভিযোগ, অপহরণকারীরা তিনটি মোবাইল নম্বর থেকে ফোন করে দ্রুত মুক্তিপণ দাবি করে এবং টাকা দিতে দেরি হলে রাফিকে হত্যার হুমকি দেয়।

রাফির বাবা জানান, ঘটনার পর রাত ২টার দিকে তিনি দীঘিনালা থানায় গিয়ে একটি জিডি করতে চান। কিন্তু দায়িত্বরত ডিউটি অফিসার তা গ্রহণ না করে অফিস সময় সকাল ১০টায় এসে করতে বলেন।

পুলিশের তাৎক্ষণিক সহযোগিতা না পেয়ে তিনি অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে ধাপে ধাপে ৫১ হাজার টাকা মুক্তিপণ দেন। পরে শুক্রবার সকালে অপহরণকারীরা শিশুটিকে ছেড়ে দেয় এবং সে নিরাপদে পরিবারের কাছে ফিরে আসে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। ভুক্তভোগী পরিবারের প্রশ্ন, থানায় ২৪ ঘণ্টা অভিযোগ গ্রহণের নিয়ম থাকলেও কেন গভীর রাতে জিডি নেওয়া হয়নি।

এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।