২৪

মাদারীপুরের ডাসারে স্বর্ণালংকারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল নিয়ে রূপা আক্তার (১৯) নামে এক গৃহবধূ উধাও হয়েছেন বলে অভিযোগ করেছেন তার সৌদি প্রবাসী স্বামী। নিখোঁজের পাঁচ দিন পার হলেও শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ওই গৃহবধূর কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় ডাসার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ রূপা আক্তার ডাসার উপজেলার পশ্চিম কোমলাপুর গ্রামের সৌদি প্রবাসী আশিক মাতুব্বরের স্ত্রী এবং বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মাগুরা গ্রামের ফেরদাউস মোল্লার মেয়ে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রূপা আক্তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়ার কথা বলে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে নিরুপায় হয়ে ওই দিন রাতেই ডাসার থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা ফেরদাউস মোল্লা।

প্রবাসী আশিক মাতুব্বর অভিযোগ করেন, রূপা আক্তার স্বর্ণালংকারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল নিয়ে বাবার বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়ে উধাও হয়ে গেছেন।

এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ জানান, গৃহবধূ নিখোঁজের ঘটনায় থানায় জিডি নেওয়া হয়েছে। নিখোঁজ গৃহবধূকে উদ্ধার ও ঘটনার সত্যতা উন্মোচনে চেষ্টা চালাচ্ছে পুলিশ।