৪৫

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় মাত্র ১০ টাকা পাওনাকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে আয়েশা খাতুন (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আয়েশা খাতুন ওই গ্রামের তারা মিয়ার স্ত্রী। অভিযুক্ত ভাতিজা মো. তৌহিদ, আয়েশার ছেলে আশিকের কাছে ১০ টাকা পাওনা ছিল। ঘটনার সময় তৌহিদ টাকা ফেরত চাইলে আশিক তা দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়ে একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।

বিবাদ থামাতে এগিয়ে এলে আয়েশা খাতুনকে লক্ষ্য করে তৌহিদ ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ফুলবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত তৌহিদকে গ্রেপ্তার করা হয়।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সায়েফ বলেন, “১০ টাকা নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচি আয়েশা খাতুন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”