১৭৩

দেশের জ্বালানি সরবরাহব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও শৃঙ্খলাবদ্ধ করতে কিউআর কোডভিত্তিক ডিজিটাল সেবা চালু করেছে সরকার। ‘ফুয়েল পাস’ নামের মোবাইল অ্যাপের মাধ্যমে এই সেবা দেওয়া হবে।

প্রাথমিকভাবে রাজধানীর দুটি ফিলিং স্টেশনে মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে এ সেবা চালু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন। বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

জানা গেছে, তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন এবং আসাদগেটের সোনার বাংলা ফিলিং স্টেশনে এই কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে সব ধরনের যানবাহনের জন্য এ সেবা চালুর পরিকল্পনা রয়েছে।

জ্বালানি বিভাগ জানায়, প্রচলিত মনুষ্যনির্ভর ব্যবস্থায় জ্বালানি বিতরণে বিলম্ব, দীর্ঘ সারি এবং অনিয়মের মতো সমস্যা দেখা দিচ্ছে। অনেক ক্ষেত্রে একই ব্যক্তি একাধিকবার লাইনে দাঁড়িয়ে প্রয়োজনের চেয়ে বেশি জ্বালানি নেওয়ার ঘটনাও ঘটছে, যা কৃত্রিম সংকট তৈরি করছে।

এসব সমস্যা সমাধানে ‘ফুয়েল পাস’ অ্যাপের মাধ্যমে জ্বালানি বিতরণ প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় ও নিয়ন্ত্রিত করা হবে। এই অ্যাপটি বিআরটিএ’র কেন্দ্রীয় ডেটাবেজের সঙ্গে সংযুক্ত থাকবে, ফলে গ্রাহকের তথ্য ও বরাদ্দ সহজেই যাচাই করা যাবে।

যাদের স্মার্টফোন নেই, তারাও ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করে কিউআর কোড ডাউনলোড ও প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন। ফিলিং স্টেশনে ডিজিটাল এন্ট্রি সম্পন্ন হওয়ার পর কিউআর কোড স্ক্যান করেই গ্রাহক জ্বালানি নিতে পারবেন এবং নিজের নির্ধারিত বরাদ্দও দেখতে পারবেন।

এছাড়া কেন্দ্রীয় ড্যাশবোর্ডের মাধ্যমে জাতীয় পর্যায়ে জ্বালানি সরবরাহ ও বিতরণ পরিস্থিতি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। এই উদ্যোগ বাস্তবায়নের ফলে স্বচ্ছতা বাড়বে, অপচয় ও অনিয়ম কমবে এবং সংকটকালীন সময়ে জ্বালানি ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।