৫৪

মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে বিএনপির ১৮ নেতা-কর্মীকে হত্যার হুমকি দিয়ে চিরকুট ও দুটি হাতবোমা রেখে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘিরে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে জোড়পুকুরিয়া গ্রামের মধ্যপাড়া এলাকার বাবলুর বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে লাল কসটেপে মোড়ানো দুটি হাতবোমা ও হুমকিসংবলিত চিরকুট ফেলে রেখে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ও তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্সসহ বোমা দুটি ও চিরকুট উদ্ধার করেন। পরে নিরাপত্তার স্বার্থে বোমাগুলো পানি ভর্তি বালতিতে রাখা হয়।

চিরকুটে বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশে হুমকি দিয়ে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য লেখা ছিল। এছাড়া পৃথক আরেকটি চিরকুটে গ্রামের বিএনপির ১৮ নেতা-কর্মীর নাম উল্লেখ করে হত্যার হুমকি দেওয়া হয় বলে জানা গেছে।

এ ঘটনায় জোড়পুকুরিয়া গ্রামের বিএনপি নেতা-কর্মীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে বিষয়টি নিয়ে গাংনী থানার ওসি ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি।