২৮

কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের ছিনাই এলাকায় বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক সুপারি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই যাত্রী। আজ বুধবার (০৩ জুন) ভোর সাড়ে ৫টার দিকে রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের রামরতন এলাকার হক হিমাগারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আইয়ুব আলী (৪৫)। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের সলেয়া চৌকিদারের ছেলে। পেশায় তিনি একজন সুপারি ব্যবসায়ী ছিলেন।

যেভাবে ঘটল দুর্ঘটনা

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে ব্যাটারিচালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক দিয়ে যাচ্ছিল। অটোরিকশাটি ছিনাই ইউনিয়নের হক হিমাগারের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বালুবাহী ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং অটোরিকশার যাত্রী আইয়ুব আলী ঘটনাস্থলেই মারা যান।

এ সময় অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ঘাতক ট্রাক আটক

দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী ধাওয়া করে ঘাতক বালুবাহী ট্রাকটিকে আটক করতে সক্ষম হলেও চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

রাজারহাট থানা পুলিশ জানিয়েছে, আটককৃত ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।