২০৩

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন। শনিবার (১৬ মে) বিকেলে উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।

অভিযুক্ত আবদুস সামাদ ওরফে ডাক্তার সামাদ চরজব্বার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সামাদের বাড়িতে সরকারি চাল মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগ ছিল। শনিবার এলাকাবাসী বিষয়টি জানতে পেরে তার বাড়িতে গিয়ে একটি কক্ষে বিপুল পরিমাণ সরকারি চালের বস্তা দেখতে পান। পরে তারা প্রশাসন ও পুলিশকে খবর দেন।

খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ৯৯ বস্তা চাল উদ্ধার করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে রাখেন।

এ বিষয়ে আবদুস সামাদ দাবি করেন, তার ছোট ভাই ডাক্তার আজগর একজন চাল ডিলার হওয়ায় বাড়িতে এসব চাল রাখা হয়েছিল।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে চালগুলো উদ্ধার করা হয়েছে। এগুলোর বৈধ কাগজপত্র রয়েছে কি না তা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।