১৯৬

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বোবারতল সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় দুই ভারতীয় নাগরিককে আটক করেছে ৫২ বিজিবি।

বৃহস্পতিবার রাত ১টার দিকে নিয়মিত টহলের সময় তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন কামরুল আহমদ ও হাছনা বেগম লস্কর। তারা স্বামী-স্ত্রী বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, বোবারতল সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়। তবে কী উদ্দেশ্যে তারা বাংলাদেশে এসেছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।

৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান ও মানবপাচার ঠেকাতে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এ জন্য সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।