৩৪

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. হবি সরদার (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত হবি সরদার দৌলতদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ওমেদ আলী সরদার পাড়ার মৃত ওমেদ আলী সরদারের ছেলে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর শিশুটি প্রতিবেশী হবি সরদারের বাড়িতে খেলতে গিয়ে নিখোঁজ হয়। দীর্ঘ সময় তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে হবি সরদারের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে স্বজনদের সন্দেহ হয়। অনেক ডাকাডাকি সত্ত্বেও কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে শিশুটিকে উদ্ধার করা হয়।

ঘটনার পরপরই সামাজিক লোকলজ্জা ও সংকোচের কারণে শিশুটির পরিবার বিষয়টি পুলিশকে না জানিয়ে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চালায়। ভুক্তভোগী পরিবার একাধিক মাতব্বরের দ্বারে দ্বারে ঘুরলেও অভিযুক্ত ব্যক্তি এলাকায় প্রভাবশালী হওয়ায় কোনো বিচার পাননি; বরং ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।

পরবর্তীতে বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হয়ে গেলে বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পুলিশ দৌলতদিয়ায় অভিযান চালিয়ে অভিযুক্ত হবি সরদারকে আটক করে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, “ঘটনাটি লোকমুখে জানতে পেরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে এবং ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।