৫৮

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই সেরনিয়াবাত খোকন আব্দুল্লাহর বিরুদ্ধে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার, যুক্তরাষ্ট্রে বিনিয়োগ এবং গোল্ডেন ভিসা গ্রহণের গুরুতর অভিযোগ উঠেছে। বিভিন্ন সূত্রের তথ্যানুযায়ী, দেশ ছাড়ার পূর্বেই তিনি কৌশলে এই অর্থ বিদেশে সরিয়ে নেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থান করছেন।

২৭ কোটি টাকার চেকে ব্যাকডেট স্বাক্ষর ও কমিশন বাণিজ্য

অভিযোগে জানা গেছে, গত বছরের রাজনৈতিক অস্থিরতার সময় বরিশাল ত্যাগ করার পর তিনি খুলনায় আত্মগোপনে ছিলেন। সেই সময় বিসিসির কয়েকজন ঠিকাদারের প্রায় ২৭ কোটি টাকার বিলের চেকে পেছনের তারিখ (ব্যাকডেট) দিয়ে স্বাক্ষর করেন তিনি। অভিযোগ রয়েছে, তৎকালীন এপিএস এবং সিটি করপোরেশনের কয়েকজন কর্মকর্তার সহায়তায় এই কাজ সম্পন্ন হয়। এর বিনিময়ে মোট বিলের ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত মোটা অঙ্কের কমিশন হাতিয়ে নেওয়ার দাবি করা হয়েছে।

ভারতে গা-ঢাকা ও যুক্তরাষ্ট্রে পাড়ি

সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা যায়, খুলনায় কিছুদিন গোপনে অবস্থান করার পর তিনি সীমানা পার হয়ে ভারতে প্রবেশ করেন। সেখান থেকে পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং টেক্সাস অঙ্গরাজ্যে অবস্থান শুরু করেন।

দুদকের তদন্ত জোরদার

এদিকে, খোকন আব্দুল্লাহর মেয়াদের বিভিন্ন অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতোমধ্যে তদন্ত জোরদার করেছে। তদন্তকারী দল তার ব্যাকডেটে স্বাক্ষরিত চেক, কমিশনের লেনদেন ও অর্থ পাচারের রুটগুলো নিয়ে তথ্য যাচাই-বাছাই করছে।