২০৫

গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বি.কে বাড়ি এলাকায় ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় স্থানীয় একটি প্রভাবশালী সন্ত্রাসী গোষ্ঠী তাঁকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসার পাশে নির্মাণাধীন কাজ তদারকি করছিলেন মোসলেহ উদ্দিন বাচ্চু। অভিযোগ অনুযায়ী, গাজীপুর জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি গনি মিয়া ও মির্জাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মোফাজ্জল হোসেনসহ কয়েকজন দীর্ঘদিন ধরে তাঁর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। এদিন সকালে তারা জোরপূর্বক নির্মাণকাজ বন্ধ করে দেয়। প্রতিবাদ করলে হাতুড়ি, রড ও লাঠি দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তাঁর চোখের নিচে গুরুতর আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

হামলাকারীদের হুমকির মুখে স্থানীয়রা এগিয়ে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে জয়দেবপুর থানা পুলিশ ও র‍্যাব-১ এর একটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে। বর্তমানে তিনি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নম্বর: ১৮, তারিখ: ১৭ এপ্রিল ২০২৬)। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৮৫ ও ৫০৬ ধারায় চাঁদাবাজি ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।