৩০

মাদারীপুর সদর উপজেলার হাউসদি বাজারে পাহারাদারকে বেঁধে ছয়টি স্বর্ণের দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৮ এপ্রিল) ভোরে বাজারের স্বর্ণকার পট্টিতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো রাতের বেলায় দোকান বন্ধ করে বাড়ি চলে যান তারা। ভোরে একদল মুখোশধারী ডাকাত বাজারের পাহারাদারকে আহত করে বেঁধে ফেলে। এরপর প্রথমে ‘নিউ প্রিয়াঙ্কা জুয়েলার্স’-এ হানা দেয় তারা। পরে আরও পাঁচটি স্বর্ণের দোকানে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেয়।

এ সময় ডাকাতরা দোকানে থাকা সিন্ধুকও সঙ্গে নিয়ে যায়। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

ক্ষতিগ্রস্ত ‘নিউ কণিকা জুয়েলার্স’-এর মালিক স্বদেব মন্ডল বলেন, “রাতে দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে জানতে পারি দোকানে ডাকাতি হয়েছে। দোকানের সব মালামাল ও নগদ টাকা নিয়ে গেছে ডাকাতরা।”

অন্যদিকে ‘নিউ প্রিয়াঙ্কা জুয়েলার্স’-এর মালিক পরিমল মালো বলেন, “শুধু আমার দোকান নয়, আরও ছয়টি স্বর্ণের দোকান ও একটি মুদির দোকানে ডাকাতি হয়েছে। পুলিশের টহল জোরদার থাকলে এমন ঘটনা ঘটত না। এখন আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি।”

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”