৩৭

বরিশালে মাস্টার্স ফাইনাল পরীক্ষা চলাকালীন বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় পরীক্ষা দেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরম ও অপর্যাপ্ত আলোর মধ্যেই পরীক্ষার্থীরা মোমবাতির আলোয় পরীক্ষা দিচ্ছেন। ঘটনাটি বরিশাল সরকারি মহিলা কলেজ কেন্দ্রে মাস্টার্স ফাইনাল পরীক্ষার সময় ঘটে।

কলেজটির অধ্যক্ষ মো. আসাদুজ্জামান জানান, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। সে সময় কলেজে দুটি বিদ্যুৎ সংযোগ থাকলেও কোনো সংযোগেই বিদ্যুৎ ছিল না। ফলে বাধ্য হয়ে শিক্ষার্থীদের মোমবাতির আলোয় পরীক্ষা দিতে হয়।

তিনি আরও জানান, বিদ্যুৎ সরবরাহ সংশ্লিষ্টদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা জানান, ট্রান্সমিটারে কাজ চলছিল। প্রায় এক ঘণ্টা ধরে এভাবে পরীক্ষা চলে।

অধ্যক্ষ বলেন, ওই পরীক্ষায় বিএম কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছিল। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে কলেজে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যদিও এটি ব্যয়বহুল প্রকল্প। এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে।

অন্যদিকে ওজোপাডিকো-২-এর নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুরুল ইসলাম বলেন, পরীক্ষা চলাকালীন বিদ্যুৎ না থাকার বিষয়টি তাকে কেউ জানায়নি। তিনি আরও বলেন, বর্তমানে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন কম থাকায় এ ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে।