১৪৭

ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর ৮ বছরের ছেলেকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। শুক্রবার (১৮ এপ্রিল) দিবাগত মধ্যরাতে শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শরীফ সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নারী নাছিমা বেগম (৩৫) এবং আহত শিশু আবির হোসেন (৮)। আহত শিশুটিকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী মো. আল-আমীন মিয়ার দুই স্ত্রীর মধ্যে নাছিমা ছিলেন ছোট স্ত্রী। তিনি তাঁর একমাত্র ছেলেকে নিয়ে শরীফ সর্দার বাড়িতে বসবাস করতেন।

আহত শিশু আবিরের বরাতে জানা যায়, রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তার মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে এবং তাকেও আঘাত করে। গুরুতর জখম অবস্থায় সে ‘মৃত্যুর ভান’ করে পড়ে থাকে, এতে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ভোরে সে বাইরে বের হয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে।

শিশুটি অভিযোগ করে হামলায় জড়িত হিসেবে স্থানীয় এক যুবকের নাম উল্লেখ করলে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে।

প্রতিবেশীরা জানান, ঘটনার সময় মা ও ছেলে ঘুমিয়ে ছিলেন। দুর্বৃত্তরা ঘরে ঢুকে এলোপাতাড়ি হামলা চালিয়ে নাছিমাকে হত্যা করে এবং ঘরের ভেতরে তছনছ করে ফেলে। ধারণা করা হচ্ছে, মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা লুট করা হয়েছে।

প্রতিবেশী নাজিম উদ্দিন বলেন, “ছেলেটি গুরুতর আহত অবস্থায় এসে ঘটনা জানায়। পরে আমরা ৯৯৯-এ ফোন দিই। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং শিশুটিকে হাসপাতালে পাঠায়।”

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করা হয়েছে। আহত শিশুকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত চলছে।”