৩৫

প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, একটি বৈরী পরিবেশে বর্তমান সরকার গঠিত হয়েছে। বিগত দিনের মূল্যস্ফীতির প্রভাবে সামনে জনজীবনে আরও দুর্ভোগ আসতে পারে এবং নিম্নবিত্ত মানুষের মধ্যে দারিদ্র্য আরও বাড়তে পারে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গত তিন বছরে মূল্যস্ফীতির কারণে দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে। আঞ্চলিক বৈষম্য দূর করতে অতীতে কোনো রাজনৈতিক দল কার্যকরভাবে কাজ করেনি বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ আল মাহমুদ তিতুমীর আরও বলেন, বর্তমান সরকার সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়নকে গুরুত্ব দিচ্ছে এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, বাংলাদেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে, যা একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের অংশ।

তিনি আরও বলেন, অতীতেও সংকট মোকাবিলা করে দেশ এগিয়েছে, এবং বর্তমান সরকারও সেই ধারাবাহিকতায় উন্নয়ন ও সামাজিক সুরক্ষার মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে কাজ করছে।

সভায় ফরিদপুর জেলা প্রশাসক সভাপতিত্ব করেন। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট জেলার সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বিভিন্ন দফতরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।