২৩০

টাঙ্গাইলে নকল সস বিক্রি এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ভোজ্যতেল বিক্রির অপরাধে দুই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে শহরের পার্ক বাজারে টাঙ্গাইল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, মেসার্স বাবুল কুমার সাহা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান নকল সস সংগ্রহ করে রাতের আঁধারে টাঙ্গাইলের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ২০০ লিটার নকল সস জব্দ করা হয়। পরে এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত সস ধ্বংস করা হয়।

অন্যদিকে, একই বাজারে এরশাদ স্টোরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোজ্যতেল বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

টাঙ্গাইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, নকল সস বিক্রি ও অতিরিক্ত দামে ভোজ্যতেল বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এবং অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।