৩০

মামুনুল হক বলেছেন, গণভোট এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে এবং এটি জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলনের একটি কার্যকর ও গ্রহণযোগ্য পদ্ধতি।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোট নিয়ে সরকার যেন কোনো ধরনের টালবাহানা বা প্রহসনের আশ্রয় নিতে না পারে, সে জন্য সবাইকে সচেতন, সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

বুধবার রাতে ঢাকার সাত মসজিদ চত্বর-এ অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন ২৪ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যান-এ গণ-সমাবেশ সফল করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

মামুনুল হক বলেন, তার দল শুরু থেকেই গণভোটের পক্ষে নীতিগত অবস্থান নিয়েছে এবং এই দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবে। তিনি আরও জানান, গণভোট বাস্তবায়নে দেশব্যাপী গণআন্দোলন গড়ে তোলা হবে।

ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজীর সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান মিসবাহ’র সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের একাধিক নেতা।

সভায় আসন্ন গণ-সমাবেশ সফল করতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় এবং নেতাকর্মীদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।