২১৯

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়িচাপায় মমতাজ বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার দিনগত রাত ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মমতাজ বেগম কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের রহমান কাজীর স্ত্রী। ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই রাতে এলাকায় দমকা হাওয়া বয়ে যায়। এ সময় মমতাজ বেগম মহাসড়ক থেকে পাতা কুড়াচ্ছিলেন। এমন সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।