৩২

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতকে যুদ্ধ হিসেবে মানতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, গত পাঁচ মাসে কেউ আহত বা নিহত হননি। তাই পরিস্থিতিকে যুদ্ধ বলা যায় না। একই সঙ্গে তিনি দাবি করেছেন, সংঘাতের আগের তুলনায় এখন যুক্তরাষ্ট্র বেশি তেল উত্তোলন করছে।

ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বর্তমানে যুদ্ধের আগের সময়ের তুলনায় বেশি তেল উত্তোলন করা হচ্ছে। গত পাঁচ মাসে কেউ আহত বা নিহত না হওয়ায় একে যুদ্ধ বলা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাতের প্রকৃতি ও ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। নতুন করে হামলার সম্ভাবনা এবং সামরিক বিকল্প নিয়ে ওয়াশিংটনে আলোচনা চলছে। ট্রাম্পের বক্তব্যের মধ্যেই মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও নিজের অবস্থান তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, তাঁর প্রশাসন ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা থামিয়ে না দিলে ইসরায়েল ও পুরো মধ্যপ্রাচ্যের অস্তিত্ব আজ হুমকির মুখে থাকত। তাঁর এই ভূমিকা ব্যাপকভাবে পরিচিত হলেও খুব কমই স্বীকার করা হয় বলেও দাবি করেন ট্রাম্প।

ইরানকে ঘিরে সামরিক অভিযান, তেল উত্তোলন এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে ট্রাম্পের এসব বক্তব্য এমন সময়ে এল, যখন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের প্রভাব নিয়েও আলোচনা চলছে।