৪

১৯৭৫ সালের ৭ নভেম্বরের চেতনায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।

তিনি বলেছেন, স্বাধীন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করার সুযোগ নেই। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধিপত্যবাদী শক্তি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন রাশেদ প্রধান।

বিবৃতিতে তিনি ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক সৈনিক ও সাধারণ মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধ হিসেবে তুলে ধরেন। তাঁর দাবি, সেদিনের আন্দোলনে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ এবং ‘ভারতীয় আধিপত্যবাদ, নিপাত যাক’ স্লোগান দেওয়া হয়েছিল। সেই চেতনা ধারণ করে বর্তমানেও আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

রাশেদ প্রধানের অভিযোগ, ১৯৭৫ সালের ৩ নভেম্বর তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দি করে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ যে পদক্ষেপ নিয়েছিলেন, তা আওয়ামী লীগ ও ভারতের সমর্থনে সংঘটিত হয়েছিল। ৭ নভেম্বর সাধারণ মানুষ ও সৈনিকেরা সেই উদ্যোগ প্রতিহত করেন বলেও দাবি করেন তিনি।

বিবৃতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, ক্ষমতা ধরে রাখতে গিয়ে সরকার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ভারতের কাছে বিসর্জন দিয়েছিল।

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে জাগপা মুখপাত্র বলেন, ওই আন্দোলন দেশের মানুষকে নতুন করে স্বপ্ন দেখিয়েছে। তবে দেশের ওপর প্রভাব বিস্তারের জন্য নানা ষড়যন্ত্র এখনো চলছে বলে দাবি করেন তিনি।

রাশেদ প্রধান বলেন, ৭ নভেম্বরের শিক্ষা ধারণ করে দেশের মানুষকে প্রস্তুত থাকতে হবে। জাতীয় পতাকা ও সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত এলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করতে হবে।