২৮৬

ইরানে হামলা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর নতুন হুমকির জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ট্রাম্পের এই ‘বেপরোয়া’ পদক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভ করে তুলতে পারে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজ প্রণালি খুলে না দিলে আগামী মঙ্গলবারের মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়া হবে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া একাধিক পোস্টে তিনি এমন কড়া ভাষায় সতর্কবার্তা দেন।

তিনি এক বার্তায় লিখেছেন, ইরান যদি দ্রুত সিদ্ধান্ত না নেয়, তবে দেশটির বিদ্যুৎকেন্দ্র, সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে। এর আগে দেওয়া আরেক পোস্টে ট্রাম্প ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, চুক্তিতে না এলে বা হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের ওপর ‘ভয়াবহ পরিণতি’ নেমে আসবে।

অন্যদিকে, ট্রাম্প তার বার্তাগুলোতে দাবি করেন, তিনি একটি ‘পারমাণবিক অস্ত্রমুক্ত ইরান’ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন। তবে তার এই বক্তব্য ও হুমকির জবাবে ইরানের শীর্ষ নেতৃত্ব পাল্টা সতর্কবার্তা দিচ্ছে, যা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি করেছে।