২২

সৌদি আরবে সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে ৫ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

একইসঙ্গে মক্কায় এক মসজিদে ‘অনৈতিক কাজ’ ও ‘মর্যাদা লঙ্ঘনের’ দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল দেশটির কর্তৃপক্ষ।

রিয়াদ: সৌদি আরবে সন্ত্রাসবাদসংক্রান্ত অপরাধে দণ্ডপ্রাপ্ত নিজ দেশের পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গত শনিবার (১৭ই অক্টোবর ২০২৬) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই পাঁচ নাগরিক একটি বিদেশি সন্ত্রাসী সংগঠনে যোগ দিয়েছিলেন। এছাড়া তারা অবৈধ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করে দেশের নিরাপত্তা বাহিনী, তাদের সদর দপ্তর ও যানবাহনে গুলি চালিয়েছিলেন। তদন্তে তাদের কাছে অবৈধ অস্ত্র ও তাজা গুলি রাখার পাশাপাশি দেশের ভেতরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো ও তাতে অর্থায়নে সহায়তার প্রমাণ মিলেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (X) পোস্টের মাধ্যমে এই মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণা দেওয়া হয়।

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: এদিকে, মক্কার একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ এবং মসজিদের ‘পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের’ অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি কর্তৃপক্ষ। গত বুধবার মক্কা অঞ্চলে তাদের এই দণ্ড কার্যকর করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আবদুল বশীর ও সিতি আক্তার। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, পবিত্র স্থান ও মসজিদের মর্যাদা রক্ষা এবং ইসলামি আইন বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং পবিত্র স্থানের অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে।