১১০

চলতি ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২–এ প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নেওয়ার পর জার্মান ফুটবলের বর্তমান অবস্থান নিয়ে কঠিন বাস্তবতাই তুলে ধরলেন দলটির কোচ ইউলিয়ান নাগেলসমান। তার মতে, টানা তিন বিশ্বকাপে ব্যর্থতার পর জার্মানিকে আর বিশ্ব ফুটবলের শীর্ষ সারির দল বলা যায় না।

বোস্টনে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর আগে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল জার্মানি। এবার নকআউট পর্বে উঠলেও প্রথম ম্যাচেই থেমে গেল তাদের যাত্রা।

ম্যাচ শেষে বিবিসিকে দেওয়া প্রতিক্রিয়ায় নাগেলসমান বলেন, ‘প্যারাগুয়ের মতো দলের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার স্বাদটা অনেক তেঁতো। অনেক কষ্টের। এটা টানা তৃতীয়বার বিদায়। তাই আমরা আর শীর্ষ সারির দলের মধ্যে নেই।’

ম্যাচে ৭৫ শতাংশ সময় বলের দখল নিজেদের কাছে রাখলেও প্যারাগুয়ের শক্ত রক্ষণ ভাঙতে পারেনি জার্মানি। প্যারাগুয়ের হয়ে হুলিও এনসিসো গোল করলে জবাবে সমতা ফেরান কাই হাভার্টজ। পরে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো শুটআউটে পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা হয় জার্মানদের।

জার্মানির সাবেক মিডফিল্ডার থমাস হিটজলস্পার্গারও মনে করেন, সমস্যাটি সাময়িক নয়; বরং দীর্ঘদিন ধরেই দলটি নিজেদের ঐতিহ্যগত শক্তি হারিয়ে ফেলছে।

বিবিসি স্পোর্টসকে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে জার্মানিতে খেলোয়াড় গড়ে তোলার পুরো প্রক্রিয়া ছিল পাসিং, খেলার ধরন আর কৌশলগত উদ্ভাবন নিয়ে। কিন্তু একটা জিনিসে হয়তো আমরা যথেষ্ট মনোযোগ দিইনি, আর সেটা হলো একটু ধার থাকা।’

তিনি আরও বলেন, ‘আমরা সেই ফিয়ার ফ্যাক্টরটাই হারিয়ে ফেলেছি, যা একসময় প্রতিপক্ষ দলগুলোকে ভয় পাইয়ে দিত। এখন অন্য দলগুলো আমাদের সম্মান করে, কিন্তু আর ভয় পায় না। আমাদের হারানো এখন আর কঠিন নয়, আর আমাদের সেই শারীরিক উপস্থিতিও আগের মতো নেই।’

টানা তিন বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মান ফুটবলের পুনর্গঠন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ফুটবল মহলে।