১২৩

মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। দেশটির ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাঁকে এ পদে নির্বাচিত করেছে।

ইরানের রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছে এবং তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বাহিনীটি তাঁর প্রতি ‘আন্তরিক ও আজীবন আনুগত্য’ ঘোষণা করেছে। তারা বলেছে, সর্বোচ্চ নেতার সব নির্দেশ মেনে চলতে এবং তা বাস্তবায়নে তারা সর্বদা প্রস্তুত থাকবে।

আইআরজিসি আরও জানায়, অ্যাসেম্বলি অব এক্সপার্টসের মাধ্যমে খামেনির এই নির্বাচন প্রমাণ করেছে যে ইসলামি ব্যবস্থার অগ্রযাত্রা থেমে থাকে না এবং এই বিপ্লব কোনো একক ব্যক্তির ওপর নির্ভরশীল নয়।

এদিকে ইরানের সশস্ত্র বাহিনীও নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি সমর্থন ও আনুগত্য ঘোষণা করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সামরিক বাহিনী তাঁকে ‘ন্যায়পরায়ণ, জ্ঞানবান, ধর্মপ্রাণ ও বিচক্ষণ’ নেতা হিসেবে উল্লেখ করেছে। তারা আরও বলেছে, খামেনিকে নির্বাচিত করার মাধ্যমে অ্যাসেম্বলি অব এক্সপার্টস প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছে।

মোজতবা খামেনি প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে। তাঁর বয়স ৫৬ বছর। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল–যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি, তাঁর স্ত্রী, মোজতবা খামেনির স্ত্রী এবং এক বোন নিহত হন। তবে ওই সময় মোজতবা খামেনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।

গত কয়েক বছর ধরেই বাবার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে মোজতবা খামেনির নাম আলোচনায় ছিল। তাঁর বাবা আয়াতুল্লাহ আলী খামেনি প্রায় আট বছর ইরানের প্রেসিডেন্ট ছিলেন এবং পরে টানা প্রায় ৩৭ বছর দেশটির সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেছেন।