২৪০

বায়ুদূষণের কবল থেকে কোনোভাবেই রেহাই মিলছে না রাজধানীবাসীর। টানা কয়েক দিনের বৃষ্টির পরও ঢাকার বাতাসে দূষণ কমেনি। মে মাসে বৃষ্টি হলেও পরিস্থিতি এখনো অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

রোববার সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, বিশ্বের ১২৪টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়। এ সময় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ছিল ১৫৮, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

বিশেষজ্ঞরা বলছেন, এপ্রিলের পর বৃষ্টি শুরু হলেও ঢাকার বায়ুমান প্রত্যাশিতভাবে উন্নত হয়নি, বরং অনেক এলাকায় দূষণ এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের তালিকা অনুযায়ী, ঢাকার বিভিন্ন এলাকায় দূষণের মাত্রা ভিন্ন ভিন্নভাবে বেশি পাওয়া গেছে। এর মধ্যে পুরান ঢাকার বেচারাম দেউড়ি এলাকায় AQI ২২১, যা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

দূষণের উচ্চমাত্রার তালিকায় আরও রয়েছে—গুলশানের বে’জ এইজ ওয়াটার (১৭৯), দক্ষিণ পল্লবী (১৬৭), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা (১৬৬), পীরেরবাগ রেললাইন (১৬৪), বারিধারা লেক সাইড (১৬৩), উত্তর বাড্ডা (১৬১), গোরান (১৬০), গুলশান লেক পার্ক (১৬০) এবং ধানমন্ডি (১৫৯)।

আজকের তালিকায় শীর্ষ দূষিত শহর হিসেবে রয়েছে কুয়েত সিটি, যার AQI ১৬১।

আইকিউএয়ার জানিয়েছে, আজকের পরিস্থিতিতে ঢাকায় বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরা জরুরি। পাশাপাশি অপ্রয়োজনে বাইরে ব্যায়াম না করার এবং ঘরের জানালা যতটা সম্ভব বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।