৭

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় চালকসহ ৯ জন আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) ভোরে শ্রীনগর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর ৪টা ১৮ মিনিটের দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে দুর্ঘটনাটি ঘটে। ধাক্কায় মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক গাড়ির ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধুনিক সরঞ্জাম ব্যবহার করে গাড়ির ভেতরে আটকে পড়া চালকসহ আহতদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে তাঁদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের নিরাপদে বের করে হাসপাতালে পাঠিয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ইতালি প্রবাসী রাসেল মাতব্বরকে বিমানবন্দর থেকে স্বজনরা মাইক্রোবাসে করে মাদারীপুরের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পথে শ্রীনগর ফেরিঘাট এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় আহতরা হলেন—রুম্পা খাতুন (৩৫), মিম আক্তার (১৮), খাদিজা আক্তার (১৮), রাসেল মাতব্বর (৩০), সিরাজ মাতব্বর (৭০), রনি মাতব্বর (২৮), মেহেদী (৩৫), মাইক্রোবাসচালক মো. ইব্রাহিম (৩৬) এবং আল-আমিন (৩০)।

আহতদের মধ্যে প্রথম সাতজনের বাড়ি মাদারীপুর সদর উপজেলার বলসা গ্রামে। চালক ইব্রাহিমের বাড়ি ঢাকার খিলগাঁওয়ের গোরান এলাকায় এবং আল-আমিনের বাড়ি ময়মনসিংহে।