২৫

ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শেষ হওয়ার আগে কোনো মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জেনে এ বিষয়ে কথা বলবেন তিনি।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

সকালে পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশের সঙ্গে তাহসিফের মৃত্যুর কোনো যোগসূত্র আছে কি না, জানতে চান সাংবাদিকেরা। জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্তের পর সব বিষয় জেনে তিনি এ বিষয়ে কথা বলবেন।

২৮ বছর বয়সী কে এম তাহসিফ সাউরি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। নৌপুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ঢাকার তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন নৌপুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।

তাহসিফের মৃত্যুর কারণ এবং এ ঘটনার সঙ্গে অন্য কোনো বিষয়ের যোগসূত্র রয়েছে কি না, তা জানতে তদন্ত ও ময়নাতদন্তের ফলাফলের অপেক্ষা করতে হবে।