৫১

কাশিমপুরের শৈলডুবি এলাকায় অগ্নিকাণ্ড; আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

গাজীপুর: গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন শৈলডুবি এলাকায় অবস্থিত ‘সুপ্রিম গার্মেন্টস’-এর কার্টুনের গুদামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৪শে অক্টোবর ২০২৬) সকাল সোয়া ১০টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।

সংবাদ পেয়ে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট পর্যায়ক্রমে কাজ শুরু করেছে এবং আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তৈরি পোশাক কারখানাটির কার্টুনের গুদামে হঠাৎ আগুন জ্বলতে দেখে শ্রমিক ও স্থানীয়রা প্রাথমিকভাবে তা নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। প্রথমে কাশিমপুর ডিবিএল মিনি ও সারাবো ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরবর্তীতে আরও ৪টি ইউনিট অগ্নিনির্বাপণ কাজে যোগ দেয়।

ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আরিফুল হক এবং কাশিমপুর সারাবো ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর শামীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা নিরলসভাবে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে অগ্নিকাণ্ডের আসল কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।