২৮

নগর ভবনে মতবিনিময় সভায় কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার নির্দেশ; ইচ্ছাশক্তি ও সঠিক প্রচেষ্টায় শহরের পরিবর্তন সম্ভব বলে মন্তব্য প্রধানমন্ত্রীর।

ঢাকা: ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সোমবার (১৯শে অক্টোবর ২০২৬) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবন পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে নগরীকে পরিচ্ছন্ন করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “সবার কথা বাদ দেন, নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি। আসুন, আমরা সবাই মিলে সেই চেষ্টা করি। সন্তান শুধু নিজের বাসার আশেপাশে থাকে না; স্কুল, কলেজ, খেলার মাঠসহ শহরের বিভিন্ন জায়গায় যাতায়াত করে। তাই শুধু নিজের এলাকা নয়, পুরো শহরকে পরিচ্ছন্ন রাখতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন যে, ঢাকা শহরের অন্যতম প্রধান সমস্যা আবর্জনা ও অপরিচ্ছন্নতা, যা হয়তো একদিনে দূর সম্ভব নয়; তবে সবার ইচ্ছা ও যৌথ প্রচেষ্টায় পরিবর্তন আসবেই। উদাহরণ হিসেবে তিনি যুক্তরাজ্যের লন্ডনের সাবেক রূপান্তর ও দক্ষিণ কোরিয়ার এক ব্যবসায়ীর সাম্প্রতিক মন্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ঢাকায় ইতিবাচক পরিবর্তনের সূচনা ঘটেছে এবং ধারাবাহিক চেষ্টা থাকলে সাফল্য আসবে।

মতবিনিময় সভার আগে প্রধানমন্ত্রী নগর ভবনের জরুরি পরিচালন কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি আবহাওয়ার তথ্য, ভূকম্পন, বায়ুর মান পর্যবেক্ষণ ওয়েবসাইট পর্যবেক্ষণ করেন এবং ফেসবুক লাইভের মাধ্যমে নগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সরাসরি তদারকি করেন।

এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম, ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব শহীদুল হাসান উপস্থিত ছিলেন।