৫৩

রিয়াদে আইইএফ-১৭ সম্মেলনের সাইডলাইনে বৈঠক; নবায়নযোগ্য জ্বালানি, এলএনজি সরবরাহ এবং অফশোর-অনশোর গ্যাস অনুসন্ধানে সৌদি ও কাতারের বিনিয়োগ বৃদ্ধির তাগিদ।

ঢাকা: দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, দ্রুত বর্ধনশীল গ্যাসের চাহিদা পূরণ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে মধ্যপ্রাচ্যের দুই শীর্ষ জ্বালানি শক্তি সৌদি আরব ও কাতারের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত আন্তর্জাতিক এনার্জি ফোরামের ১৭তম আসরের (আইইএফ-১৭) ফাঁকে গতকাল রবিবার (১১ই অক্টোবর ২০২৬) অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়। আজ সোমবার (১২ই অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবের বিদ্যুৎ বিষয়ক সহকারী মন্ত্রী নাসের আল-কাহতানি, কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী ও ‘কাতার এনার্জি’র প্রেসিডেন্ট সাদ শেরিদা আল-কাবির এবং বিশ্বখ্যাত সৌদি ভিত্তিক বিদ্যুৎ প্রতিষ্ঠান ‘এসিডব্লিউএ পাওয়ার’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. সামির জে. সেরহানের সঙ্গে পৃথক বৈঠক করেন।

সৌদি আরবের সঙ্গে আলোচনা ও বিমানবন্দরে হামলায় শোক প্রকাশ: সৌদি সহকারী মন্ত্রীর সঙ্গে বৈঠকের শুরুতে প্রতিমন্ত্রী রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি হুথি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং নিহতদের মধ্যে থাকা দুই বাংলাদেশি নাগরিকের মরদেহ দ্রুত দেশে পাঠানো ও আহতদের চিকিৎসার বিষয়ে সহযোগিতা কামনা করেন। এ সময় প্রতিমন্ত্রী সৌদি আরবের ক্রাউন প্রিন্সকে পাঠানো বাংলাদেশের প্রধানমন্ত্রীর শোকবার্তার বিষয়টিও তুলে ধরেন।

জ্বালানি আলোচনায় ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে দীর্ঘমেয়াদি জ্বালানি সরবরাহ, বাংলাদেশে স্থলভিত্তিক এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল নির্মাণ এবং অনশোর ও অফশোর অঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধানে সৌদি বিনিয়োগের আহ্বান জানানো হয়। জবাবে সৌদি সহকারী মন্ত্রী বাংলাদেশকে বিশেষ ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র হিসেবে উল্লেখ করে সকল উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহতের আশ্বাস দেন।

কাতারের সঙ্গে দীর্ঘমেয়াদি এলএনজি চুক্তি ও বিনিয়োগ: কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী সাদ শেরিদা আল-কাবির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটাতে বর্তমান এলএনজি আমদানির পাশাপাশি নতুন দীর্ঘমেয়াদি এলএনজি চুক্তি এবং সরবরাহের পথ ও উৎস বহুমুখীকরণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। উভয় পক্ষ যৌথ বাণিজ্যিক ও কারিগরি দল গঠনের মাধ্যমে বিষয়গুলো এগিয়ে নেওয়ার একমত পোষণ করেন।

এদিকে, একই দিনে অনুষ্ঠিত অপর বৈঠকে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘এসিডব্লিউএ পাওয়ার’-এর সিইও ড. সামির জে. সেরহান বাংলাদেশের সবুজ ও নবায়নযোগ্য জ্বালানি (বায়ু ও সৌরবিদ্যুৎ) খাতে বড় অংকের বিনিয়োগের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছেন।