৯৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

সোমবার (১৮ মে) সকাল থেকে সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ শুরু হলে ধীরে ধীরে এ যানজট তৈরি হয়।

সরেজমিনে দেখা যায়, সড়ক বিভাগ কাজের সুবিধার্থে ঢাকামুখী লেনের একটি অংশ বন্ধ রেখে এক লেন দিয়ে যান চলাচল অব্যাহত রাখে। এতে যানবাহনের চাপ বাড়তে থাকে এবং যানজট সোনারগাঁ ছাড়িয়ে মেঘনা ব্রিজ এলাকা হয়ে মুন্সীগঞ্জের গজারিয়া পর্যন্ত বিস্তৃত হয়।

এ সময় মহাসড়কে শত শত বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও প্রাইভেটকার দীর্ঘ সময় আটকে থাকে। অনেক যাত্রী গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে রওনা হন। বিশেষ করে নারী, শিশু ও অসুস্থ যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েন।

ঢাকাগামী ট্রাকচালক ওবায়দুল মিয়া বলেন, “সকাল ৯টার পর থেকে যানজটে আটকে আছি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গাড়ি এগোচ্ছে না।”

তিশা পরিবহনের যাত্রী আলাউদ্দিন মিয়া বলেন, “দশ মিনিটের পথ যেতে আড়াই ঘণ্টা লেগেছে। গুরুত্বপূর্ণ কাজে দেরি হয়ে গেছে।”

মেঘনা টোলপ্লাজা এলাকায় আটকে থাকা প্রাইভেটকার চালক মো. সাইফুল বলেন, “স্বাভাবিক সময়ে এই পথ পার হতে ৮–১০ মিনিট লাগে, কিন্তু আজ আড়াই ঘণ্টার বেশি সময় লেগেছে।”

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম শেখ বলেন, সেতুর সংস্কারকাজ চলমান থাকায় এক লেন দিয়ে যান চলাচল করায় যানজট সৃষ্টি হয়েছে। কাজ দ্রুত শেষ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।