১৪২

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মেহেরুন্নেছা উর্মি (২৮) নামে এক নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২ মে) ভোররাতে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের একটি ভাড়া বাসার তিন তলার কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত উর্মি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বহিষ্কৃত পুলিশ সদস্য মহিববুর রহমান বাপ্পীর স্ত্রী। তিনি আমতলী পৌর শহরের শাহজাহান মিয়ার মেয়ে এবং কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৮ মাস আগে স্বামী, দেড় বছরের ছেলে ফারদিন ও চার বছরের মেয়ে ফারিস্তাকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন উর্মি। পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো বলে জানা গেছে।

রাত দেড়টার দিকে স্বামী বাপ্পী থানায় খবর দেন যে, উর্মি ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। মানসিক সান্ত্বনার জন্য উর্মির স্বামী ও সন্তানদের থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।