২৫৭

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মহাখালী–নাবিস্কোর মাঝামাঝি তেজগাঁও লিংক রোড এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন নাসা গ্রুপের পোশাকশ্রমিকরা। এতে ওই রুটে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং বিকল্প সড়কে ডাইভারশন দেওয়া হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার পর গুলশান জোনের ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, মহাখালী-নাবিস্কোর মাঝামাঝি তেজগাঁও লিংক রোডের মুখে নাসা গ্রুপের আনুমানিক সাত-আটশ’ পোশাককর্মী বেতনের দাবিতে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন। এতে তেজগাঁও থেকে মহাখালী ও উত্তরা রুটে এবং উত্তরা থেকে মহাখালী ও তেজগাঁও রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ভোগান্তি এড়াতে ট্রাফিক পুলিশ ডাইভারশন মেনে চলার অনুরোধ জানিয়েছে। তাদের দেওয়া নির্দেশনা অনুযায়ী, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে উত্তরা–মহাখালী রুটে চলাচল করা যাচ্ছে। পাশাপাশি মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে উত্তরা, গুলশান ও বনানী থেকে তেজগাঁওয়ের দিকে যাতায়াত করা সম্ভব।

এছাড়া কাকলি মোড় হয়ে কামাল আতাতুর্ক সড়ক, গুলশান-২ হয়ে নতুন বাজার বা গুলশান-১ হয়ে রামপুরা ও হাতিরঝিলগামী গন্তব্যে যাতায়াত করা যাচ্ছে। একইভাবে এসব রুটের বিপরীত দিকেও চলাচল করা যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।