১৩২

ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরি করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হওয়া ব্যবসায়ী নূর আলম মাসুদ (৪৫) মারা গেছেন। শনিবার (১৮ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মাসুদ সোনাগাজী উপজেলার ‘সততা অয়েল মিলস’-এর স্বত্বাধিকারী এবং সদর ইউনিয়নের ওমর খান পাঠান বাড়ির মৃত খুরশিদ আলমের ছেলে। তিনি সপরিবারে সোনাগাজী পৌরসভার নজরুল প্রাইমারি এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্বজনদের বরাতে জানা যায়, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে নিজ বাসায় ইউটিউবে দেখা একটি পদ্ধতি অনুসরণ করে অকটেন তৈরির পরীক্ষা-নিরীক্ষা করছিলেন মাসুদ। এ সময় অতিরিক্ত তাপের কারণে একটি পাইপ বিস্ফোরিত হলে তিনি ও তার সহকর্মী মো. ওমর ফারুক গুরুতর দগ্ধ হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তিনি মারা যান।

নিহতের ভাই মোর্শেদ জানান, ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে নতুন পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টা করছিলেন তার ভাই। তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

সোনাগাজী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান বলেন, বিস্ফোরণের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।